ইয়েমেনের হুথিদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের সামরিক বাহিনী দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তিন দেশের নতুন প্রতিরক্ষা জোট। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর ‘মক্কা প্রতিরক্ষা জোট’ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছিল। চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সোমবার রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে হুথিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
বৈঠক শেষে তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর আওতায় প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে পাঠানো এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সৌদিতে পৌঁছানোর পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
হুথিদের সঙ্গে সংঘাত তীব্র
ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সংঘাত আবারও তীব্র হয়েছে। গত সেপ্টেম্বরে হুথিরা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর পর সোমবার সৌদি আরবের সমর্থনে ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করেছে। একই সময়ে সৌদি আরবেও হুথিদের হামলার অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথমবারের মতো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিল তিন দেশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি কার্যকর করার বিষয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির পর তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এ নিয়োগ দেওয়া হয়।

