Wednesday, October 7

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং জি৭ জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহণ নিয়ে এখনো সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।

সোমবার প্রকাশিত সামুদ্রিক পরিবহণের তথ্যেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে টানা চার দিন মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের পরিমাণ সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বেশি ছিল।

এতে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহণের প্রধান পথগুলো এখনো মোটামুটি সচল রয়েছে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তা উদ্বেগ এখনো রয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহণ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave A Reply


Math Captcha
62 − 59 =