Saturday, April 18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন ৫১ বছর বয়সী মাওলানা নুরুল আমিন। বৃহস্পতিবার রাতে আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

মাওলানা নুরুল আমিন পেশায় একজন ইমাম ও খতিব। তিনি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী বক্তা হিসেবেও স্থানীয় ও জাতীয় পর্যায়ে তিনি পরিচিত।

উপজেলার চতরা ইউনিয়নে ১৪ কোটি টাকা ব্যয়ে প্রবাসী আলতাব হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত আলতাব নগর জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নির্বাচনের পরদিনও ওই মসজিদে ইমামতি করেন মাওলানা নুরুল আমিন। সেখানে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।

১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পান ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ২ হাজার ৪২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাওলানা নুরুল আমিন।

জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোটাররা তাঁকে ১১ দলের প্রার্থী হিসেবে নির্বাচিত করলেও এখন তিনি পীরগঞ্জের সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। এখন সবাইকে নিয়ে পীরগঞ্জকে এগিয়ে নিতে চাই।’

শহীদ আবু সাঈদের রক্তস্নাত পীরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাওলানা নুরুল আমিন রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার দুরামীতিপুর গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা আজিজুর রহমান ও আমেনা খাতুন দম্পতির সন্তান। ১৯৭৪ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন তিনি।

Leave A Reply


Math Captcha
+ 60 = 61