জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী প্রচারণার সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে হুমকি আসে। রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বিকেল সাড়ে ৫টার সময় পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এই হুমকি দেওয়া হয়।
এদিকে, শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন একটি ভিডিও বার্তায় বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনে হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের জয়যাত্রা থামানো যাবে না। আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

