Tuesday, November 3

রংপুরের হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামে আবু সিদ্দিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে একটি নির্জন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লিমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান এবাদ বলেন, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদর উপজেলার মিলন বাজারে যান সিদ্দিক। পরে রাত আনুমানিক ৯টার দিকে চরচতুরা গ্রামের একটি নির্জন সড়কে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা।

নিহতের চাচাতো ভাই মজমুল বলেন, মিলন বাজারে গিয়ে তিনি জানতে পারেন, মাঠের মধ্যে বসে সিদ্দিক মুঠোফোনে কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে মরদেহ নির্জন এলাকায় ফেলে যায় বলে তাদের ধারণা।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের ঘাড় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। কারা এবং কী কারণে আবু সিদ্দিককে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
2 + 2 =