Friday, September 18

টঙ্গীতে মাদকসহ পাঁচ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদককারবারীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের ওপর পাথর নিক্ষেপে মাসুদ নামে এক কনস্টেবল আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল মাসুদকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে রাহুল নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে রাহুলকে হাতকড়া পরিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের ভেতর দিয়ে থানায় নেওয়া হচ্ছিল। এ সময় একদল মাদককারবারী পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

পুলিশের ভাষ্য, হামলাকারীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। একপর্যায়ে হামলার সুযোগে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্টেশন এলাকা ঘিরে ফেলেন। পরে সেখানে একটি পরিত্যক্ত হাতকড়া উদ্ধার করা হয়।

ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে রাতেই সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ১২টা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় হামলাকারীরা রেললাইনের পাথর ছুড়ে পুলিশকে বাধা দেয়। এ সময় কনস্টেবল মাসুদ আহত হন এবং হামলার সুযোগে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
57 − 54 =