নাটোরের লালপুরে এক তরুণীকে প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধ’র্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার মণ্ডলপাড়া ছয় রাস্তার মোড় এলাকার আশিক (২২), জোতদৈবকী গ্রামের মো. শাকিল ইসলাম বাঁধন (২০) ও কাজল (২২)।
লালপুর থানা পুলিশ জানায়, প্রায় এক মাস আগে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে আশিকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে আশিকের আমন্ত্রণে লালপুরের ‘গ্রীন ভ্যালি পার্কে’ দেখা করতে আসেন ওই তরুণী। পরে একটি অটোরিকশায় করে তারা লালপুর ডিগ্রি কলেজ মাঠে যান।
মামলার বিবরণ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে আশিক তার দুই সহযোগীকে নিয়ে কলেজ মাঠের দক্ষিণ পাশে একটি নির্জন ও পরিত্যক্ত বাড়িতে তরুণীকে নিয়ে যান। সেখানে আশিক ও তার দুই সহযোগী পর্যায়ক্রমে তাকে ধ’র্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কাজল পুরো ঘটনার ভিডিও ধারণ করেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর তরুণীকে একটি অটোরিকশায় তুলে দিয়ে অভিযুক্তরা চলে যান। পরদিন রোববার (৪ অক্টোবর) দুপুরে ধারণ করা ভিডিওটি ওই তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ১৫ হাজার টাকা দাবি করা হয়।
ব্ল্যাকমেইলের শিকার হয়ে তরুণী বিষয়টি এক প্রতিবেশী চাচিকে জানালে পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে তারা লালপুর থানায় বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

