Monday, November 23

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক (এসআই)সহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত ১৮ নভেম্বর দায়িত্বে থাকা অবস্থায় টহল গাড়িটি চুরি যাওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পুলিশের একটি টহল পিকআপ চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি।

টহল দলটির নেতৃত্বে ছিলেন হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তার সঙ্গে দুই কনস্টেবল ছিলেন। তারা পিকআপটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিসিটিভি ফুটেজে চুরির আগে সন্দেহভাজনদের গতিবিধিও ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন এসে পিকআপটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলের চালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে রুবেল পিকআপটি নিয়ে চলে যান।

পুলিশের গাড়ি চুরির পর সেটির সরকারি পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন বলে জানা গেছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া চার সদস্যের মধ্যে এসআই দেলোয়ার হোসেন ও গাড়িচালক আক্তার রয়েছেন। তবে উদ্ধার হওয়া পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা সম্ভব হয়েছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি গাড়ি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সাময়িক ব্যবস্থা নিয়েছেন।

Leave A Reply


Math Captcha
9 + 1 =