Monday, November 23

‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাশকতার সঙ্গে জড়িত। টুঙ্গিপাড়ার নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতাও পাওয়া গেছে বলে দাবি করেন ওসি।

ওসি হাফিজ আরও বলেন, গ্রেপ্তারের দিনও পাপিয়া সুলতানা তাঁর ফেসবুকে ‘আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’—এমন একটি পোস্ট দেন। এ ছাড়া ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’সহ বিভিন্ন পোস্টও তাঁর ফেসবুকে রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হাফিজ।

Leave A Reply


Math Captcha
49 + = 55