Monday, November 23

খুলনায় স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন গোপালগঞ্জের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলী। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তার বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে শনাক্ত করে ঘিরে ফেলেন। পরে তাকে মারধর করে আটক করেন তারা। একপর্যায়ে খুলনা সদর থানা-পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বাড়ি গোপালগঞ্জের সুকতাইল ইউনিয়নের চর-সুকতাইল এলাকায়।

খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাভলী জানান, স্থানীয় লোকজন শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শেখ আবেদ আলীর বিরুদ্ধে ঢাকায় আগে থেকেই দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
67 − = 62