Tuesday, November 3

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে গ্রেফতার দুই যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

গ্রেফতার দুই যুবক হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। রোববার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার ভোররাতে গণপতি চক্রবর্তীর বাসভবন সংলগ্ন দেবপতির তিনতলা ভবন দিয়ে লাফিয়ে তার বাসার ছাদে যায় মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। এ সময় শিক্ষক গণপতি ছাদে গিয়ে বিষয়টি দেখে ফেলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় দুই যুবক গণপতির গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। তার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তাদের মেয়ে এগিয়ে এলে তাকেও প্রথমে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। এরপর নিচে গিয়ে শিশুপুত্রকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

চারজনকে হত্যার পর অভিযুক্তরা বাথরুমে গোসল করে ডাইনিংয়ে বসে খেজুর ও ফ্রিজে থাকা শসা খায়। পরে তাদের কাছে থাকা অবশিষ্ট ইয়াবা সেবন করে। দিনের আলো হয়ে যাওয়ার পর জুমার সময় সুযোগ বুঝে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে হত্যার পর বাড়ির স্বর্ণালংকার লুট করে ঘর তছনছ করে অভিযুক্তরা। লুট করা স্বর্ণালংকার একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে রাখা হয়েছিল। সেগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

Leave A Reply


Math Captcha
+ 74 = 77