রংপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলায় ২১৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১২১টি এবং জেলার আটটি উপজেলায় রয়েছে আরও ৯৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। এতে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ভোটার সংখ্যা, অতীতের সহিংসতার ইতিহাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীরের অনুপস্থিতি, প্রার্থী বা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের বাড়ির নিকটবর্তী অবস্থান এবং জনবহুল এলাকা—এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ। গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জে ৭টি, বদরগঞ্জে ৯টি, মিঠাপুকুরে ১০টি, পীরগঞ্জে সর্বোচ্চ ২৯টি, পীরগাছায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যাও উল্লেখযোগ্য। কোতোয়ালী থানা এলাকায় ৭৫টি কেন্দ্রের মধ্যে ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাটে ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জে ২২টির মধ্যে ১৪টি, পরশুরামে ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানা এলাকায় ২৩টির মধ্যে ১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলো সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৭৩টি। এর মধ্যে রংপুর-১ আসনে ১৩৯টি, রংপুর-২ আসনে ১৩৭টি, রংপুর-৩ আসনে ১৬৯টি, রংপুর-৪ আসনে ১৬৩টি, রংপুর-৫ আসনে ১৫২টি এবং রংপুর-৬ আসনে ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩১ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন,
“ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

