পাবনার সদর উপজেলার জালালপুরে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

