Saturday, October 24

দেশে সহিংসতায় প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত খুলনা, মাদারীপুর ও ঢাকায় চারজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে খুলনায় গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করা হয়। মাদারীপুরের কালকিনিতে হামলা ও পাল্টা হামলায় যুবলীগের এক নেতা নিহত হন। ঢাকায় শিশু চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে বৃহস্পতিবার সকালে মো. তুষার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জিন্নাহপাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। তাঁর মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তুষারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাহপাড়া বউবাজারের ৭ নম্বর গলিতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মাদারীপুরের কালকিনির কালিগঞ্জ বাজারে হামলা ও পাল্টা হামলায় তাইজুল সরদার (২২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরকা পরে ইজিবাইকে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মিলন সরদারের পক্ষের লোকজন পাল্টা হামলা চালান। এতে তাইজুল ও আল আমিন সরদার আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাইজুলকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার অভিযোগ করেছেন, সাবেক চেয়ারম্যান মিলনের নির্দেশে তাঁর ভাতিজাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে মিলনের বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আধিপত্য বিস্তার বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে বুধবার রাত ১১টার দিকে আলম শেখ (৪১) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। শিশু চুরির সন্দেহে তাঁকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
49 − = 39