Saturday, October 24

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব জোনাল অফিস জানিয়েছে, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তন করা হবে।

এ কারণে বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়ন এবং লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে দোয়ারাবাজার সাব জোনাল অফিস।

Leave A Reply


Math Captcha
+ 71 = 73