Friday, October 23

পাবনা থেকে সরাসরি ঢাকায় চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনটি আগামী নভেম্বরের শেষার্ধে চালুর আশা করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে এবং ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেনটি পাবনার মানুষের আবেগের বিষয়। ভারত থেকে ১৮টি কোচ বাংলাদেশে এসেছে, যা বর্তমানে সৈয়দপুর ক্যারেজ ওয়ার্কশপে রয়েছে। অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়া শেষ করে ভারতীয় প্রকৌশলীদের সহায়তায় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে। ট্রেনটিতে থাকবে ১২টি কোচ।

সচিব জানান, পরিচালনাগত সুবিধা ও নিরাপত্তার কারণে ঈশ্বরদী স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়েছে। সেখানে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেন পরিচালনা করা হবে।

এদিকে হার্ডিঞ্জ ব্রিজের পাশে নতুন আরেকটি রেলসেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। ফাহিমুল ইসলাম বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান হার্ডিঞ্জ ব্রিজ একা যথেষ্ট হবে না। নতুন সেতু নির্মাণের জন্য স্থান নির্ধারণ ও নকশা চূড়ান্ত করা হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

Leave A Reply


Math Captcha
47 − = 38