পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। দেশি-বিদেশি পর্যটকদের জন্য দিন ও রাতে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন থাকছে এ কার্নিভালে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
সামীমুজ্জামান বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপন এবং বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, হলিডে সিজনে লাখো পর্যটকের প্রাণচাঞ্চল্যে এবার কক্সবাজারে নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত এলাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। বছরজুড়ে পর্যটকের আগমন বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা তেমন বাড়েনি। কক্সবাজারে আসা পর্যটকদের অন্যতম অভিযোগ, সমুদ্র উপভোগের পর সন্ধ্যার সময় বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। বিষয়টি বিবেচনায় নিয়ে এবার দিন ও রাতে বিভিন্ন কর্মসূচির সমন্বয়ে তিন মাসব্যাপী এ আয়োজন করা হচ্ছে।
থাকছে নানা আয়োজন
কার্নিভালে দেশি-বিদেশি খাবারের পাশাপাশি থাকবে লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম পার্লার ও জুস কর্নার। পোশাক, অলংকার, মাটির পণ্যসহ স্থানীয় কারিগরদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে থাকবে মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ।
পর্যটকদের জন্য সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশনের আয়োজন থাকবে। শিশুদের জন্য আর্ট, নিরাপদ রাইডসহ নানা বিনোদনমূলক কার্যক্রম নিয়ে থাকবে কিডস জোন।
ক্যাম্পিং জোনে থাকছে নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, হ্যামক, ক্যাম্পফায়ার এবং টেলিস্কোপে তারাভরা আকাশ দেখার সুযোগ।
এ ছাড়া লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, লাইভ বাস্কিং ও গো-কার্টের আয়োজন থাকবে। খেলাধুলার মধ্যে থাকছে বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি ও ব্যাডমিন্টন। থাকছে স্যান্ড স্কাল্পচারের আয়োজনও।
বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষেও বিশেষ আয়োজন থাকবে কার্নিভালে।
এ ছাড়া থাকছে ‘বিচ ভিউ ওপেন থিয়েটার’। সমুদ্রের সামনে সূর্যাস্তের আবহ, বাঁশির সুর ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে।
ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. গনী উল আজম। তিনি কার্নিভালের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
অনুষ্ঠানে কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল আরেফিন বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক: মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

