নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে সাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃ’ত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম ওরফে কলি (৩৫) তার দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পরিবার।
নি’হত সাহেরা বেগম ওই এলাকার মৃত মন্টু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সাহেরা বেগমের সঙ্গে পুত্রবধূ লাইলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাইলী স্টিলের বালতি ও বল দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে সাহেরা বেগম রক্তাক্ত হয়ে পড়েন।
নি’হতের নাতনি সুমাইয়া আক্তার জানান, ঝগড়ার শব্দ শুনে বাইরে এসে তিনি দাদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা লাইলীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে সাহেরা বেগমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাহেরা বেগমকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে রাত ১১টার দিকে তার মৃ’ত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। এরই মধ্যে লাইলী ঘরের জানালা দিয়ে তার দুই বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এ ঘটনায় নি’হতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে তার স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত লাইলী বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

