Saturday, April 18

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে মাঠের বাইরের বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো–তে সরিয়ে নেওয়ার আবেদন করলেও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তা নাকচ করে দিয়েছে।

নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে ইরান ফুটবল ফেডারেশন গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিল। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন, ফিফা এ অনুরোধ গ্রহণ করেনি।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, লজিস্টিক ও কৌশলগত কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনার মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, নিরাপত্তার কারণে ইরানের বিশ্বকাপে অংশ না নেওয়াই ভালো। এরপর ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানান, নিরাপত্তা নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না ইরান।

২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের বয়কটের আশঙ্কার মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তুরস্কে ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত ভেন্যুতেই ইরান বিশ্বকাপ খেলবে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1