ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর এবার বড় সংগ্রহ গড়েও জয় পেল না চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ২০৯ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা। লক্ষ্য তাড়ায় ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাঞ্জাব। আইপিএলে দ্বিতীয়বারের মতো আসরের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখল চেন্নাই, সর্বশেষ এমনটি ঘটেছিল ২০২২ সালে।
শুক্রবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। সঞ্জু স্যামসন ৭ রান করে ফেরেন। এরপর অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন আয়ুশ মাহাত্রে। ১৮ বছর বয়সী এই ব্যাটার ৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। গায়কোয়াড ২২ বলে ২৮ রান করেন।
মাঝের দিকে সরফরাজ খান ১২ বলে ৬ চার ও এক ছক্কায় ৩২ রান করেন। শেষ দিকে শিভাম দুবে ২৭ বলে অপরাজিত ৪৫ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে চেন্নাই। পাঞ্জাবের পক্ষে বিজয়কুমার ভিশাক নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায় পাঞ্জাব। প্রিয়াংশ আর্য মাত্র ১১ বলে ৩৯ রান করে দলকে দ্রুত এগিয়ে নেন। প্রভসিমরান সিং ৩৪ বলে ৪৩ রান করেন। এরপর কুপার কনলি ২২ বলে ৩৬ রান এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে শশাঙ্ক সিংয়ের ৬ বলে ১৪ রান পাঞ্জাবকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেয়।
৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাঞ্জাব। এ নিয়ে দুইশ’র বেশি রান তাড়া করে টি-টোয়েন্টিতে নবমবার জয়ের রেকর্ড গড়ল দলটি। বিপরীতে পাঞ্জাবের বিপক্ষে দুইশ’র বেশি লক্ষ্য দিয়েও পাঁচবার হারল চেন্নাই।
মাত্র ১১ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন প্রিয়াংশ আর্য। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে তিনি যৌথভাবে দ্বিতীয়বার ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েছেন।

