জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেসলিগার পুরুষ দলে প্রথম নারী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস এতা। ম্যাচ হারের পর তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রধান কোচ স্টেফেন বমগার্টকে ছাঁটাই করে তাকে দায়িত্ব দিয়েছে ইউনিয়ন বার্লিন।
শনিবার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর মধ্যরাতে ক্লাবটি প্রধান কোচ বমগার্ট, সহকারী কোচ দানিলো ডি সুজা এবং কেভিন ম্যাককেনাকে বরখাস্তের ঘোষণা দেয়।
ইউনিয়ন বার্লিনের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া ম্যারি-লুইস এতা এর আগে ক্লাবটির ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী মৌসুম থেকে তার নারী দলের কোচ হওয়ার কথা থাকলেও সাময়িকভাবে তাকে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের আর পাঁচটি ম্যাচ বাকি রয়েছে এবং মৌসুমের বাকি সময়টা ভালোভাবে শেষ করাই তাদের লক্ষ্য।
এর আগে ২০২৩ সালে বুন্দেসলিগা তথা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে প্রথম নারী সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করে নজির গড়েছিলেন এতা। ২০২৪ সালে তৎকালীন প্রধান কোচ নেনাদ জেলিকা বরখাস্ত হলে তিন ম্যাচ গণমাধ্যমে ক্লাবটির প্রতিনিধিত্ব করেন তিনি।
ইউনিয়ন বার্লিনের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ড্ট এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব নিতে রাজি হওয়ায় তিনি এতার প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, মৌসুমের দ্বিতীয় অংশে দলের পারফরম্যান্স হতাশাজনক এবং লিগে অবস্থান ধরে রাখতে দ্রুত পয়েন্ট অর্জন জরুরি।
১৮ দলের প্রতিযোগিতায় বর্তমানে ১১তম অবস্থানে রয়েছে ইউনিয়ন বার্লিন। রেলিগেশন জোনে থাকা সেন্ট পাউলির সঙ্গে তাদের ব্যবধান মাত্র সাত পয়েন্ট। শীতকালীন বিরতির পর ১৪ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া দলটি অবনমন এড়াতে নতুন শুরুর আশায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

