Saturday, April 18

মিডল অর্ডারে আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওপেনিংয়ে নেমেই ঝড় তুলেছেন পারভেজ হোসেন ইমন। তার ১৯ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংসের পর বল হাতে জোড়া উইকেট নিয়ে দলকে জয়ে অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। এতে ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।

শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ১৩ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন। মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। পরে আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজার ক্যামিও ইনিংসে নির্ধারিত ১৩ ওভারে লাহোর তোলে ১৮৫ রান।

ইমন শুরুতে ধীরগতিতে খেললেও দ্রুত গিয়ার বদলে নেন। প্রথম ১০ বলে ৯ রান করার পর ইনিংসের ৩.৩ থেকে ৪.৩ ওভারের মধ্যে সাত বলে হাঁকান পাঁচটি ছক্কা ও একটি চার। শেষ পর্যন্ত ১৯ বলে পাঁচ ছক্কা ও দুটি চারে ৪৫ রান করে আউট হন তিনি। ওপেনার নাঈম ২৮ বলে চারটি চার ও চারটি ছক্কায় করেন ৬০ রান। আব্দুল্লাহ শফিক ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। মুলতানের পক্ষে মুহাম্মদ ইসমাইল নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। ১৮ রানের মধ্যেই ফিরে যান স্টিভেন স্মিথ ও জশ ফিলিপ। এরপর সাহিবজাদা ফারহানকে ফেরান মুস্তাফিজ। তিন ওভারে ৩৭ রান খরচায় দুটি উইকেট নেন এই বাংলাদেশি পেসার। শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজাও একটি করে উইকেট নেন।

Leave A Reply


Math Captcha
97 − 95 =