আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় দুশ্চিন্তার মুখে পড়েছে পাকিস্তান দল। শনিবার (৭ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের লড়াই হওয়ার কথা কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। তবে ম্যাচ শুরুর আগেই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
কলম্বোতে বৃষ্টি নতুন কোনো ঘটনা নয়। অতীতে এই ভেন্যুতে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ২০২৫ নারী বিশ্বকাপেও পাকিস্তানের তিনটি ম্যাচ এই মাঠে বৃষ্টিতে ভেসে যায়। চলতি বিশ্বকাপের আগে পাকিস্তানের আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ একটি বলও মাঠে গড়ানো ছাড়াই বাতিল হয়।
আবহাওয়া পূর্বাভাসও খুব একটা আশাব্যঞ্জক নয়। বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, টসের সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩৭ শতাংশ। অ্যাকুওয়েদার জানিয়েছে, দুপুরের দিকে বৃষ্টির আশঙ্কা আরও বাড়তে পারে। পাশাপাশি ওয়েদার ডট কম বিকেলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে।
এ কারণে পুরো ম্যাচ নির্বিঘ্নে আয়োজন হওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই ম্যাচটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ সরকারিভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায়, গ্রুপ পর্বে পাকিস্তানের ভুল করার সুযোগ নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারালেও পাকিস্তানের সর্বোচ্চ অর্জন হবে পাঁচ পয়েন্ট।
একইভাবে নেদারল্যান্ডসও পাঁচ পয়েন্টে পৌঁছাতে পারে। সে ক্ষেত্রে সুপার রাউন্ডে ওঠার লড়াই নির্ভর করবে নেট রান রেটের ওপর। শুরুতেই একটি ম্যাচ হারানোর কারণে পাকিস্তানের নেট রান রেট নিয়ে বাড়তি চাপ তৈরি হতে পারে।
সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই যদি বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পাকিস্তানের টুর্নামেন্টযাত্রা শুরু থেকেই কঠিন হয়ে উঠতে পারে।

