চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার ডেনমার্কের কোপেনহেগেনের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের শুরুতে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। কোপেনহেগেনের ১৭ বছর বয়সী কিশোর ফরোয়ার্ড ভিক্টর দাদাসনের গোলে এগিয়ে যায় ড্যানিশ দলটি। মোহামেদ এলইয়নুসির নিখুঁত থ্রু পাসে বার্সার হাই লাইন ভেঙে একা গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সামনে দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান দাদাসন।
তবে গোল হজম করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে বার্সেলোনা। প্রথমার্ধে ৭৫ শতাংশের বেশি বল দখলে রেখেও গোলের দেখা পায়নি তারা। রবার্ট লেভানদোস্কি ও এরিক গার্সিয়ার একাধিক প্রচেষ্টা প্রতিহত করেন কোপেনহেগেন গোলরক্ষক দোমিনিক কোটারস্কি।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে দানি ওলমোর থ্রু পাস থেকে লামিনে ইয়ামালের নিখুঁত অ্যাসিস্টে সমতা ফেরান রবার্ট লেভানদোস্কি। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে পোলিশ তারকার ক্যারিয়ারের ১০৬তম গোল।
এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে ম্যাচ কার্যত শেষ করে দেয় বার্সেলোনা। ম্যাচের এক ঘণ্টার মাথায় ইয়ামালের শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। কিছুক্ষণ পর ইয়ামালের ক্রস থেকে ফাউলের শিকার হন লেভানদোস্কি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া।
এরপর বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড দারুণ এক ফ্রি-কিকে দলের চতুর্থ গোলটি করেন। নিকট পোস্টে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।
এই জয়ের ফলে লিগ পর্বে পঞ্চম স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বার্সেলোনা। নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) অথবা ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড।

