Saturday, April 18

এক মাসের সিয়াম সাধনার পর আজ শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও জাতীয় ঈদগাহসহ দেশের সব বড় ময়দান ও মসজিদে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় আয়োজন।

রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া বা অনিবার্য কারণে সেখানে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে থাকবেন মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। প্রবেশপথ, ওজুখানা ও চিকিৎসা সেবাও নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। ঈদগাহ এলাকা সিসিটিভির আওতায় থাকবে, প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে এবং বিশেষায়িত টিম মোতায়েন থাকবে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে ৭ দিনের সরকারি ছুটি চলছে। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাজধানীর শিশু পার্ক, জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থানে বিনা টিকিটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

সব মিলিয়ে ধর্মীয় আবহ, নিরাপত্তা ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave A Reply


Math Captcha
82 − 76 =