বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সেখানে যান।

মঙ্গলবার ২৮ এপ্রিল প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক এই তথ্য জানিয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মোট ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট।

হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। সবাই পুরুষ। সর্বশেষ ২৭ এপ্রিল আবদুল হাই (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ এলাকায়।

এর আগে ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।

Leave A Reply


Math Captcha
− 3 = 1