চট্টগ্রাম প্রতিনিধি:

ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হাজীপাড়ায় শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধাম মেহমান ও বিশেষ মোনাজাত করেন বিশ্ব সুন্নী আন্দোলনের উপদেষ্টা, শায়খুল হাদিস আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। প্র এতে বক্তব্য রাখেন আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কাওছার এবং সাবিনা সাদাত সাফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র গাদিরে খুম মুসলিম উম্মাহর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাদের ভাষ্যমতে, দশম হিজরির ১৮ জিলহজে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমাবেশে এক ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন, যা ইসলামের নেতৃত্ব, হেদায়েত ও ঈমানি আদর্শের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।

সভাপতির বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমের ঘোষণার মাধ্যমে হযরত আলী (আ.)-কে ‘মাওলা’ হিসেবে ঘোষণা করা হয় এবং আহলে রাসূল (আ.)-এর প্রতি ভালোবাসা, অনুসরণ ও আনুগত্যকে ঈমানি দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়। তিনি বলেন, আহলে বাইতের আদর্শ মানবজাতির জন্য ন্যায়, সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার পথনির্দেশনা প্রদান করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঐক্য, ঈমানি চেতনা ও নৈতিক পুনর্জাগরণের জন্য গাদিরে খুমের শিক্ষা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়।

Leave A Reply


Math Captcha
71 − 63 =