সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী আগামী ১৭ মে রোববার সন্ধ্যায় ২৯ জিলকদে চাঁদ দেখার অনুরোধ জানানো হয়েছে।
এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে সক্ষম, তারা যেন দেশের বিভিন্ন স্থানে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিতে অংশ নেন।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, রোববার বিশ্বের বিভিন্ন ইসলামি দেশে জিলহজের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে অনুকূল আবহাওয়ায় খালি চোখেও চাঁদ দেখা সম্ভব হতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে অধিকাংশ ইসলামি দেশে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
তিনি জানান, বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আবুধাবিতে সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ আকাশে থাকার সম্ভাবনা রয়েছে, তখন চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট। আর মক্কায় সূর্যাস্তের পর প্রায় ৫৮ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকতে পারে এবং তখন এর বয়স হবে ১৯ ঘণ্টা ২২ মিনিট।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অনুকূল আবহাওয়ায় আম্মান, জেরুজালেম, কায়রো ও রাবাততেও খালি চোখে চাঁদ দেখা সহজ হতে পারে।
মোহাম্মদ শওকত ওদেহ আরও বলেন, ঈদের তারিখ পুরোপুরি নির্ভর করছে সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ শুরু হবে এবং ২৭ মে ঈদ পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে মাস ও ঈদের তারিখ একদিন পিছিয়ে যাবে।
ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

