ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয়ের স্মরণে মহান বদর দিবস উপলক্ষে রাজধানীতে বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেন, ইসলামের ইতিহাসে বদর ও উহুদের যুদ্ধ সত্য ও মিথ্যার দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ অধ্যায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে ঈমান, দ্বীন ও মানবতার পক্ষে সাহাবায়ে কেরামরা আত্মত্যাগের নজির স্থাপন করেছিলেন। তিনি আরও বলেন, ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তবে শেষ পর্যন্ত ন্যায় ও সত্যই বিজয়ী হয়েছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মহান বদর দিবসের চেতনায় ঈমান, দ্বীন ও মানবতার সুরক্ষায় আত্মত্যাগের আদর্শ ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

