Thursday, November 5

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গেলে বাসের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে বনানী থানার অধীন মহাখালী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। আহতরা হলেন রনি (২৫) ও ফিরোজ (৪০)।

তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহনের একটি বাস মহাখালী আমতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের হেলপার ও দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মোস্তফা কামাল বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুইজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Leave A Reply


Math Captcha
3 + 2 =