Thursday, October 22

রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাজারীবাগ থানার বারইখালী এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মালামাল ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ডিভিআর, সার্ভার ও ল্যাপটপ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল ব্যক্তি ওয়্যারহাউসে ঢুকে ভাঙচুর চালায়। তাদের হামলায় প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক দিন ধরে শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের একটি গ্রুপ প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় আনুমানিক ৫০ থেকে ৬০ জন সহযোগী নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় ক্যাপ্টেন ইমন বা তাঁর গ্রুপের সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হামলার আগে আশপাশের এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করে দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের শনাক্ত, ঘটনার কারণ উদ্‌ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর বারইখালী ও সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
7 + 2 =