ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্মের ভিত্তিতে ঐক্য গড়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে দুর্গাপূজার অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল মন্দির পরিদর্শন করে।
মঞ্জু বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একটি শ্রেণি হিংসা, বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি বা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্মের ভিত্তিতে ঐক্য গড়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম যারই হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। যারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।
এবি পার্টির নীতি তুলে ধরে মঞ্জু বলেন, ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার।’ এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পরে মঞ্জু পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। কমিটির সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ নেতারা তাঁকে স্বাগত জানান।
মণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতারা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাঢ়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

