পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে বাস সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে শত শত যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অগ্রিম টিকিট না পাওয়া অনেক যাত্রী বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপরে বসে গন্তব্যে রওনা হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার পরিবহনগুলো নিয়মিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি আদায় করছে।

বরিশালগামী যাত্রী জসিম জানান, সাধারণ সময়ে ৫০০ টাকায় যাতায়াত করা গেলেও এবার প্রতি টিকিটে ৮০০ টাকা নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত বাস ছাড়তে দেরি করা হচ্ছে।

যাত্রাবাড়ী মোড়ে বরিশালগামী একটি লোকাল বাসে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার দৃশ্যও দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, সাধারণ সময়ে ৪০০ টাকার ভাড়া এখন ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কাছ থেকেও ৬০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

শুধু বরিশাল রুটেই নয়, চট্টগ্রাম ও খুলনা রুটের বাসেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যেসব নন-এসি বাসে সাধারণ সময়ে ৭০০-৮০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1