Saturday, April 18

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া এই কর্মসূচিতে পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। পরে তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন।

বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিনসহ হল সংসদের নেতারা।

সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনেম, সাকিবুর রহমান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসেছেন। গণভোটের রায় রক্ষা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি কেবল তাঁদের নয়, বরং ক্ষুব্ধ নাগরিকদের অভিব্যক্তি।”

তিনি আরও বলেন, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হওয়া আক্ষেপের বিষয়। জুলাইয়ের আন্দোলন আপস না করার শিক্ষা দিয়েছে এবং “নতুন বাংলাদেশ”-এর চেতনা ধরে রাখতে হবে।

অনশনরত শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দ্রুত সংসদে বিল আকারে উত্থাপন করা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
45 − 37 =