Saturday, April 18

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা উদযাপিত হচ্ছে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে মুসল্লিরা কিছুটা বিপাকে পড়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে ঢাকায় আকাশ মেঘলা থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন দেখা দেয়। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টি সময়ের সঙ্গে তীব্র আকার ধারণ করে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহর ও এর চারপাশের জেলাগুলোতে শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উত্তর জেলা এলাকায় শীলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমী লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জুমাতুল বিদা মুসলিম উম্মাহর জন্য বিশেষ আবেগময় দিন হওয়ায় আবহাওয়ার এই পরিবর্তন মুসল্লিদের জন্য কিছুটা অস্বস্তি তৈরি করেছে। আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

Leave A Reply


Math Captcha
38 − 37 =