জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি–এর সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখনই এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিরোধী দলের সদস্যদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সংসদ কক্ষে কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি সাংবিধানিক প্রথা। সেই ভাষণে সাধারণত সরকারের নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তবে এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলের এই বিক্ষোভ সংসদে ভিন্নধর্মী পরিস্থিতির সৃষ্টি করেছে।

