Friday, November 6

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত অনুযায়ী ৯ মার্চ থেকে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সোমবার (৯ মার্চ) যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
3 + 3 =