ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, নতুন সরকার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অপরাধ দমনে আগের চেয়ে বেশি সক্রিয় ও উদ্যমী হয়ে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার সরওয়ার বলেন, গত ২৬ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রমজানের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তবে পারিবারিক বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি জানান, প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। নতুন প্রশাসনের অধীনে কোনো প্রকার বাধা ছাড়াই পুলিশ এখন অনেক বেশি চাঙ্গা। প্রায় প্রতিদিনই ডিএমপির সব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে অপরাধ দমনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক হচ্ছে।
পাশাপাশি ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে বলেও জানান তিনি।
ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, আইজিপি নিজেই মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সড়কে নেমেছেন। গণ-অভ্যুত্থানের পর পুলিশের স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় বাহিনীর যে মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান নির্বাচিত সরকারের অধীনে পুলিশ আরও গতিশীলভাবে কাজ করছে।
মো. সরওয়ার জানান, বর্তমানে পুলিশের বিশেষ টিম অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে। পাশাপাশি মাদকের আস্তানা শনাক্ত, মাদক ব্যবসা প্রতিরোধ, পলাতক আসামি গ্রেপ্তার এবং কিশোর গ্যাং নির্মূলে একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে।
তিনি বলেন, অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাভিত্তিক জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। পুলিশ সবসময় জনকল্যাণে নিয়োজিত থাকবে।

