ঢাকা, ২ মার্চ ২০২৬ – আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আয়োজিত ইফতার কর্মসূচিতে গরুর মাংসের পরিবর্তে মুরগির আইটেম রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ইফতার পরবর্তী নৈশভোজে গরুর মাংস অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার (২ মার্চ) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক চিঠিতে হল প্রশাসনের কাছে গরুর মাংস অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
চিঠিতে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি আনন্দের হলেও, নৈশভোজের মেন্যু থেকে গরুর মাংস বাদ দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী ইফতার ও বিশেষ ভোজে গরুর মাংস একটি জনপ্রিয় ও প্রত্যাশিত খাবার।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী, ডাকসু এবং হল সংসদের পক্ষ থেকেও গরুর মাংস অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সাদা দলের নেতারা বলেন, শিক্ষার্থীদের এই দাবিকে উপেক্ষা করা হলে তাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। এছাড়া গরুর মাংস অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও বড় কোনো সমস্যা নয় বলে তারা উল্লেখ করেন।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আবেগ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নৈশভোজে গরুর মাংস রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। পাশাপাশি যারা গরুর মাংস খান না, তাদের জন্য বিকল্প হিসেবে মুরগির মাংসের ব্যবস্থা রাখা যেতে পারে।
সাদা দলের নেতারা আশা প্রকাশ করেন, হল প্রশাসন শিক্ষার্থীদের দাবির গুরুত্ব বিবেচনা করে ইফতার মাহফিলের নৈশভোজে গরুর মাংস পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অসন্তোষ বা বৈষম্য সৃষ্টি না হয়।

