Friday, November 6

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান–এ মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম জানান, সোমবার রাতের অভিযানে জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কী ঘটেছিল

গত সোমবার রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগ ওঠে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। তারা অভিযুক্তদের শাস্তি এবং ডিসি মাসুদ আলমের অপসারণের দাবি জানান।

শিক্ষার্থীদের আন্দোলন ও জনমতের চাপে শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
38 + = 44