Friday, November 6

প্রচারে বাধা দেওয়া ও নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, পুরোনো কায়দায় নির্বাচন দখলের চেষ্টা করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াটোলা পার্কে আয়োজিত এক পথসভায় তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে।

তাসলিমা আখতার বলেন, গত দুই সপ্তাহে বিজয় সরণি ও নিউ ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় তাঁর ‘মাথাল’ প্রতীকের একাধিক বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি অনেক জায়গায় ব্যানার ছিঁড়ে বা পুড়িয়ে সেখানে অন্য প্রার্থীর ব্যানার টাঙানো হয়েছে। তিনি এসব ঘটনাকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, প্রতিপক্ষ তাঁর প্রচারণায় ভীত হয়ে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং দ্রুত লিখিত অভিযোগ দাখিল করা হবে বলেও জানান তিনি।

তাসলিমা আখতার নির্বাচন কমিশনের প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পথসভায় তিনি আরও বলেন, “গায়ের জোরে নির্বাচন দখল করার দিন শেষ হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ সত্যিকারের পরিবর্তন চায়। যারা এখনো পুরোনো অপকৌশলের রাজনীতি করতে চাইছেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে তাঁদের উপযুক্ত জবাব দেবেন।”

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে নিউ ইস্কাটন এলাকা থেকে তাসলিমা আখতার তাঁর নির্বাচনী প্রচার মিছিল শুরু করেন।

Leave A Reply


Math Captcha
+ 30 = 32