আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। নির্বাচনী মাঠে নামার পরই তিনি গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেন।
তবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক দুঃসংবাদের কথা জানান এই প্রার্থী। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলেছে।
তাসনিম জারা জানান, যেখানে যেখানে তার ব্যানার টানানো ছিল, সেখানে এখন অন্য মার্কার ব্যানার দেখা যাচ্ছে। বিষয়টি স্থানীয় বাসিন্দারাও প্রত্যক্ষ করছেন বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ‘আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টানানো আছে, সেটা এলাকার মানুষ দেখছেন। আমরা আবারও সাদাকালো কাপড়ের ব্যানার টানানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের সব বিধিনিষেধ মেনেই সেটা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি বন্ধ করুন। মানুষকে অনেস্ট রাজনীতির কথা বলেন। ধন্যবাদ। কিন্তু অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়।’
নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।’

