Friday, November 6

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে ঢাকা-১১ আসনে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতায় আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রিটটি সরাসরি খারিজ হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের মনোনয়ন ও প্রার্থিতা বহাল থাকল।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।

তবে আদালত প্রাথমিক শুনানি শেষে রিটের গ্রহণযোগ্যতা না পাওয়ায় তা খারিজ করে দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, হাইকোর্টের এই আদেশের ফলে ঢাকা-১১ আসনে ড. এমএ কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

উল্লেখ্য, ঢাকা-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ও যোগ্যতা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আইনি লড়াই চলছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 1