Friday, November 6

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা ‘আবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে—এটি নতুন নয়। তাদের দীর্ঘদিনের নীতি ও ইতিহাসই এর প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে। এই অবমাননার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা মুনাফিকি ছাড়া রাষ্ট্রের কোনো দায়িত্ব সফলভাবে পালন করতে পারেনি।’
তিনি জামায়াতের সাংগঠনিক কাঠামোকে রাষ্ট্রবিরোধী উল্লেখ করে বলেন, ‘তারা দিন দিন আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠছে।’

সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, ‘আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার দাবি প্রমাণে জামায়াত ব্যর্থ হয়েছে। হ্যাক হলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করা হতো, কিন্তু তা তারা নিজেরাই করেছে—যা পুরো ঘটনাকে সাজানো নাটক বলে প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘নারীদের প্রতি অবমাননাকর মনোভাব জামায়াতের পুরোনো নীতি। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি তদন্ত করা। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াত আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।’

Leave A Reply


Math Captcha
+ 58 = 67