Friday, November 6

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন করতে হলে আইন মেনে করতে হবে এবং কাউকে ব্যক্তি আঘাত করে কথা বলা থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি দিনের শুরুতেই আমার নাম নেন।” তিনি আরও বলেন, অতীতে তিনি এর চেয়েও অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছেন, তবে তখন কেউ একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে লিপ্ত হননি।

তিনি অভিযোগ করে বলেন, “এখন সারা দিন শুধু আমার নামে বিষোদ্গার চলছে। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বুঝতে পারেনি—আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছি।”

প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তিনি বলেন, “আবারও বলছি—ওরা বাচ্চা ছেলে, আমার সন্তানের মতো।”

গণসংযোগ শেষে মির্জা আব্বাস পুরানা পল্টন বধির স্কুলে মুখ ও বধিরদের একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রিন পিস অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবেক এই মন্ত্রী বলেন, “আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।”

নির্বাচন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে সামনে কী হবে, তা বলা যাচ্ছে না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে এবং “একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।”

Leave A Reply


Math Captcha
71 − 63 =