Friday, November 6

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে শফিকুল ইসলাম মল্লিক (৪২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাউছার হুসাইন জানান, বুধবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে ফাঁড়ির ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শফিকুল ইসলামের চাচাতো ভাই পারভেজ মল্লিক বলেন,
“প্রায় এক বছর ধরে তার ঠিকমতো ঘুম হতো না। দুই দিন আগেও ভিডিও কলে জানিয়েছিল, রাতে ঘুম হয় না। ঘুমের ওষুধ খেলেও ঠিকমতো ঘুমাতে পারছে না।”

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোর ৩টা ২৫ মিনিটে শফিকুল ইসলাম পরিবারের সদস্যদের মোবাইলে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন—
‘সন্তানদের জন্য কিছু করে যেতে পারিনি।’

শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ব্যারাকে থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 7 = 2