Friday, November 6

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে তার নেতৃত্বেই ২০২৬ সালে আমরা নির্বাচনে জয়ী হব।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট নিপীড়ন ও নির্বাসিত জীবন সত্ত্বেও তারেক রহমান দূর থেকে দলের নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রের লড়াইকে এগিয়ে নিয়েছেন। “এই কঠিন পথ অতিক্রম করা আমাদের জন্য গর্ব ও আনন্দের,” বলেন তিনি।

তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে ফখরুল বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করব।”

গণসংবর্ধনায় বক্তব্যে তারেক রহমান বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় তিনি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি নিতে বলেন।

তিনি সম্প্রতি নিহত আন্দোলনকর্মী ওসমান হাদির প্রসঙ্গ টেনে বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান বাংলাদেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
29 − 22 =