রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার চেষ্টাকালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা ওই সংগঠনের নিয়োগ করা ব্যক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে মোট ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য ঘটনায়ও গ্রেপ্তারের ঘটনা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না—এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, গ্রেপ্তার সবার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তাঁদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি। এসব ব্যক্তিকে অর্থায়নের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড করানো হচ্ছে বলেও জানান তিনি।

