Wednesday, November 4

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সঙ্গে ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত অভিযোগ করে বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশি অপশক্তির হাতে তুলে দিয়ে সরকার রাষ্ট্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) ৩১তম সভায় এনসিটি ও ওসিওয়াই পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সঙ্গে ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)-এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এ চুক্তি সম্পাদন করবে।

এদিকে, একই সভায় শিল্প মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাশিয়ার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএসসি শেচকিনোআজোট থেকে ইউরিয়া সার আমদানির কথা রয়েছে।

এ বিষয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ও জাতীয় সম্পদের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক। জনগণের সম্পদ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান অবকাঠামো। তাই বন্দর পরিচালনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তবে সরকারের পক্ষ থেকে এনসিটি ও ওসিওয়াই পরিচালনার প্রস্তাবকে পিপিপি প্রকল্পের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত চুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
71 − = 68