নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নামও আসে।
ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৩০ সেপ্টেম্বর জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্যের ভূমিকা তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এদিকে মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাড্ডা ঘটনার পর বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সময়ে দলের সহযোগী সংগঠনের কয়েকটি কমিটিতেও সাংগঠনিক পরিবর্তন আনা হয় এবং কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
পদত্যাগের পর ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদে আনুষ্ঠানিক পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে সংসদীয় বিধি অনুযায়ী।

